রাজনৈতিক মতাদর্শের কারণে মানুষ যেন হেনস্তার শিকার না হয় : স্পিকার

| রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

রাজনৈতিক মতাদর্শের কারণে মানুষ যেন হেনস্তার শিকার না হয় সেই ব্যবস্থা দেখতে চাওয়ার কথা বলেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজনৈতিক দলের প্রধান কাজ অর্থনীতির উন্নয়ন সাধন। বর্তমান সরকার এরই মধ্যে সেই উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আশা করি, বাংলাদেশে দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো মানুষ যেন কোনো ধরনের হেনস্তার শিকার না হয়, এটাও আমরা দেখতে চাই। বাংলাদেশের মাটিতে আইনের শাসন ভালোভাবে প্রতিষ্ঠা হোক এটাও আমরা আশা করি। গতকাল শনিবার দুপুরে ভোলা সার্কিট হাউসে জেলার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর বিডিনিউজের।

স্পিকার বলেন, ২০ বছর বাংলাদেশের মানুষ গণতন্ত্রের দেখা পায়নি। বর্তমান বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া উন্নয়নের অন্য কোনো মাধ্যম এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। আমরা অত্যন্ত ভাগ্যবান যে, আমাদের দেশের জণগণ গণতন্ত্রমনা, রাজনীতি সচেতন। তারা কোনো স্বৈরশাসককে মেনে নেয় না। অত্যাচার, নিপীড়ন, গুম, খুন নানাবিধ নির্যাতন উপেক্ষা করে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসে আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে, এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। ২০২৪ এর আন্দোলনে সারাবিশ্বের দৃষ্টি কেড়ে নিয়েছে। সাধারণত আমাদেরকে উন্নয়নশীল দেশ হিসেবে পরাশক্তিসমূহ একটু হেয় করে দেখতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছে দেশবাসী সত্যিকার অর্থে এটি নিয়ে অনেক গর্ব করতে পারে।

পূর্ববর্তী নিবন্ধ৫ বছরে দেশ জ্বালানি ও বিদ্যুতে দুশ্চিন্তামুক্ত হবে
পরবর্তী নিবন্ধকালুরঘাট সেতু বাস্তবায়নে সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে : এরশাদ উল্লাহ এমপি