রাঙ্গুনিয়ায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার এক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার পদুয়ায় হরিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস মাস্টারের বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল পরিবারের সদস্যদের ওপরও চালিয়েছে নির্মম নির্যাতন। ঘটনার পর গতকাল শনিবার সকালে পুলিশ একজনকে গ্রেপ্তার করে। তার নাম রকিবুল ইসলাম (২৭)। সে ওই এলাকার মৃত আব্দুল মোনাফ সিকদারের পুত্র। আজ রোববার পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করবে বলে জানিয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পদুয়া ইউনিয়নের জয়নগর চক ধলিয়া মুসলিম পাড়া এলাকার প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস মাস্টারের বাড়িতে ৮১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। ডাকাতদের সবার মুখ বাঁধা ছিল এবং তাদের হাতে দা, ছুরি, লোহার পাতসহ আগ্নেয়াস্ত্র ছিল। ঘরে ঢুকেই তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। টাকা ও স্বর্ণালঙ্কার কোথায় আছে তা বের করে দেওয়ার জন্য ডাকাতরা প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস মাস্টারকে বেধড়ক মারধর করতে থাকে। ডাকাত দল ঘর থেকে ৯ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪০ হাজার টাকা এবং ২টি মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘ডাকাতির ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকীদের গ্রেপ্তারে এবং এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’

পূর্ববর্তী নিবন্ধপ্রফেসর মোহাম্মদ ইসহাক উদ্দীন চৌধুরী
পরবর্তী নিবন্ধবাজুস চট্টগ্রাম শাখার সাথে বিভিন্ন আঞ্চলিক সমন্বয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময়