রাঙ্গুনিয়া উপজেলায় মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মো. আবু মুছা (২৮) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান অভিযানটি পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত আবু মুছা দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সরফভাটা এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবী আবু মুছাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে সাজা কার্যকর করার জন্য আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, এলাকায় মাদক নির্মুলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।












