রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী অভিযান, ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনকে অর্থদণ্ড ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন লালানগর এলাকার মো. রাশেদ ও ওবায়দুল ইসলাম, কোদালা চা বাগান এলাকার মোহাম্মদ আলী এবং শান্তনিকেতন এলাকার এস এম সায়মুন হক। এদিকে, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানে শিলক মিনাগাজীর টিলা এলাকার আব্দুল মান্নান এবং পাকিয়ারটিলা এলাকার জয়নাল আবেদীন নামে দুই মাদকসেবীকে গ্রেফতার করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদের সাজা প্রদান করে আদালতে সোপর্দ করা হয়। রাঙ্গুনিয়ায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা