চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রতিবন্ধী শিশু–কিশোরদের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে অ্যাডভোকেসি সভা, ৫০ জন প্রতিবন্ধী কিশোরীর মাঝে ডিগনিটি কিট এবং দুইজন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে লিলিয়ানা ফান্ডসের অর্থায়নে, সিডিডির কারিগরি সহায়তায় এবং ‘এওয়াক’–এর বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এওয়াকের প্রকল্প সমন্বয়কারী মো. আছাফুল ইসলাম সিদ্দিকী। এ সময় এওয়াকের প্রধান নির্বাহী শফিউল আজম সিরাজী, তাপস চন্দ্র বড়ুয়াসহ আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) সুমন শর্মা, সহকারী শিক্ষা কর্মকর্তা লতিকা রত্নম মাননা, প্রধান শিক্ষক সুমন সেন, পলাশ কুমার চৌধুরী, সুজল কুমার বড়ুয়া, সহকারী শিক্ষক মো. মোহসেন আলী, সিআরসি সদস্য রিজিয়া আক্তার, ইমপ্যাক্ট গ্রুপের সদস্য মো. মনিরুল ইসলাম এবং ইয়ুথ গ্রুপের সদস্য আঁখি সুলতানা। সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার ৬টি বিদ্যালয়ের এস এম সি সদস্য, প্রধান শিক্ষক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্তি ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ৫০ জন কিশোরীর মাঝে ডিগনিটি কিট এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ দুই শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।












