রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী কঠোর হুঁসিয়ারী উচ্চারণ করে বলেছেন, আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে যদি কেউ রাউজানের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, তাদের শিঁকড় উপড়ে ফেলা হবে। তিনি আসন্ন দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সবরকম প্রস্তুতি নিতে প্রশাসনের প্রতি নির্দেশনা দেন। তিনি বলেন, যারা পূজাকে সামনে রেখে এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করবে তাদের আইনের আওতায় আনতে হবে।
তিনি গতকাল রোববার রাউজান উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারী উচ্চারণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুম কবিরসহ সরকারের বিভাগের উপজেলা কর্মকর্তাগণ। সভায় বিএনপি নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন আবু জাফর চৌধুরী, নুরুল হুদা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শফি, সৈয়দ মনজুরুল হক প্রমুখ।













