মীরসরাই উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসসড়ক প্রদক্ষিণ করে মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাবেশে বক্তব্য দেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তানভিরুল কাদের, মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী, মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন এবং মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার শীল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব জাহেদ হোসাইন, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ মাসুম ও সদস্যসচিব ইনজামুল হক ইমন। এছাড়া শিক্ষক–শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, গত এক মাসে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে প্রায় ৫০ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স।











