মীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের উদ্যোগে বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৪ আগস্ট নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মো. মাহফুজুল হক মনি। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শামসুন্নাহার বেগম। অনুষ্ঠানের আহবায়ক ছিলেন– ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা এবং অনুষ্ঠানে সদস্য সচিব ইঞ্জিনিয়ার হামিদুল হকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি নুরুল আমিন এমপি বলেন, মীরসরাই এসোসিয়েশন মীরসরাইবাসীর প্রাণের সংগঠন। দল–মত ও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মীরসরাইবাসীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে মীরসরাইয়ের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। বিশেষ অতিথি শামসুন্নাহার বেগম এমপি এসোসিয়েশনের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও মীরসরাইবাসীর কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এবং সংসদ সদস্য শামসুন্নাহার বেগমকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি নবাগত দাতা ও পৃষ্ঠপোষক সদস্যদেরও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের আহ্বায়ক ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।
সমাপনী বক্তব্য দেন– এসোসিয়েশনের সভাপতি মো. মাহফুজুল হক মনি। তিনি সংগঠনের ঐক্য ও ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে মীরসরাইবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন, জনপ্রিয় শিল্পী সাব্বিরসহ অন্যরা। প্রেস বিজ্ঞপ্তি।












