বাঁশখালীর শীলকুপে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও মশারি বিতরণ করা হয়েছে। সমপ্রতি শীলকূপ ইউনিয়নের মনকিচর জালিয়াখালী বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তারেক আব্দুল্লাহ। কর্মসূচিতে শতাধিক রিকশা শ্রমিকের মধ্যে মশারি বিতরণ করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং লিফলেট বিতরণ করা হয়। পরিবার পরিকল্পনা পরিদর্শক মাস্টার রিদুয়ানুল হকের সঞ্চালনায় এবং মাস্টার আবু তৈয়বের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক এনামুল হক, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, শিব্বির আহমদ রানা, প্রবাসী জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন মাহবুবুর আলম সওদাগর, আবুল বশর, মোহাম্মদ নাসির, শহিদ মনির, ডা. এম এ কাদের খান, মোহাম্মদ আলী সওদাগর, মোক্তার সওদাগর, শফি আলম, আনিস সওদাগর, দেলোয়ার হোসেন, আব্দুল আলিম প্রমুখ। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা জরুরি। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি দিনের বেলায়ও মশার কামড় থেকে সুরক্ষিত থাকার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।









