অবশেষে মীরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন মীরসরাই–সীতাকুণ্ড অঞ্চলের সকল পাহাড়ি ঝর্নায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বিকেলে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়। এর আগে ৭ থেকে ১০ জুলাই পর্যন্ত ঝরনাগুলোতে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা বিষয়ে ইজারাদারদের নোটিশ দেওয়া হয়। বৈরী আবহওয়া ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহওয়ার কারণে সাময়িকভাবে তিনদিন ঝরনায় প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু বর্তমানে বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতায় ঝরনাগুলো বন্ধ রাখার জন্য উপজেলা প্রশাসন ও বনবিভাগ থেকে কাঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সব ঝরনায় পর্যটকদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এসময় কোনো ধরনের টিকিট বিক্রি করা যাবে না। দর্শনার্থীদের ঝরনাগুলোতে প্রবেশ করতে দেওয়া হবে না।












