তানজিদকে নিয়ে শঙ্কা

চারদিনের ম্যাচ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৭:৩৮ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ শিবিরে কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল তানজিদ হাসান তামিমের ঘাড়ের অস্বস্তি। ম্যাকাইয়ে বৃহস্পতিবার দলের অনুশীলনে ব্যাটিং করেননি এই বাঁহাতি ওপেনার। তবে আপাতত তার চোট গুরুতর নয় বলেই ধারণা করা হচ্ছে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুশীলনে দলের সঙ্গে ওয়ার্মআপ করেন তানজিদ। অংশ নেন ফিল্ডিং অনুশীলনেও। কিন্তু ঘাড়ে অস্বস্তি থাকায় ব্যাটিং সেশন থেকে নিজেকে সরিয়ে রাখেন তিনি। অনুশীলনের বড় একটা সময় প্রধান নির্বাচক হাবিবুল বাশারের পাশে দাঁড়িয়ে কাটাতে দেখা যায় তাকে। দ্বিতীয় টেস্ট শুরু হতে এখনো একদিন বাকি। তানজিদ ঘাড়ের অস্বস্তির কথা জানানোর পর টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতে চায়নি। তাই বৃহস্পতিবার তাকে ব্যাটিং থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই তিনি আবার নেটে ব্যাটিংয়ে ফিরবেন। তানজিদকে নিয়ে সতর্কতার পাশাপাশি বিকল্প প্রস্তুতিও রেখেছে বাংলাদেশ। অনুশীলনে সৌম্য সরকারকে বেশ লম্বা সময় ব্যাটিং করতে দেখা গেছে। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অনুশীলন করেছেন তিনি। এদিকে অনুশীলনে আঙুলে আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম। আঘাত পাওয়ার পর কিছু সময় মাঠে বসে থাকলেও ফিজিওর প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আবার ব্যাটিংয়ে ফেরেন তিনি। ফলে আপাতত মুশফিককে নিয়েও বড় কোনো শঙ্কা তৈরি হয়নি। দ্বিতীয় টেস্টের একাদশ নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। পেসার শরীফুল ইসলাম দীর্ঘ সময় নেটে বোলিং করেছেন। ডারউইন টেস্টে চোটের কারণে খেলতে না পারা শরীফুল দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন। চতুর্থ পেসার হিসেবে শরীফুলকে খেলানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, একাদশের সিদ্ধান্ত ম্যাচের আগের দিন নেওয়া হবে। সিমন্স বলেন, ‘আমরা আগামীকাল(আজ) সিদ্ধান্ত নেব। এখনো কিছু চূড়ান্ত হয়নি।’ শরীফুলের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘সে ভিন্ন কিছু দেওয়ার সামর্থ্য রাখে। তবে আমরা মাত্র একটি টেস্ট জিতেছি। আমি এমন একজন, যে জয়ের একাদশে খুব বেশি পরিবর্তন করতে পছন্দ করি না।’

পূর্ববর্তী নিবন্ধজাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপের ফলাফল
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে চাইনিজ মার্শাল আর্ট উশু একাডেমির উদ্বোধন