মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চ্যানেলের নাব্যতা রক্ষা এবং নিরাপদ ও নিরবচ্ছিন্ন জাহাজ চলাচল নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) ড্রেজিং কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।
সূত্র জানায়, বর্তমানে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চ্যানেল দিয়ে নিয়মিত কয়লাবাহী জাহাজ চলাচল করছে। পাশাপাশি অদূর ভবিষ্যতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজেরও নিয়মিত চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সামপ্রতিক সময়ে অতিরিক্ত পলি জমে চ্যানেলের বিভিন্ন অংশে নাব্যতা কমে যাওয়ায় নির্ধারিত গভীরতা বজায় রাখা জরুরি হয়ে পড়ে। এ অবস্থায় বাণিজ্যিক ও জ্বালানিবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ড্রেজিং কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মাতারবাড়ী চ্যানেলের বিদ্যমান ভৌগোলিক ও মরফোলজিক্যাল অবস্থা এবং পলি পরিবহনের রন বিশ্লেষণ করে ট্রেইলিং সাকশন হপার ড্রেজার (টিএসএইচডি) প্রযুক্তিকে সবচেয়ে উপযোগী হিসেবে নির্বাচন করা হয়েছে। এর অংশ হিসেবে চীনা মালিকানাধীন ড্রেজার ‘কিং কপার’ এর মাধ্যমে চ্যানেলে ড্রেজিং কাজ শুরু হয়েছে। ড্রেজারটি চ্যানেলের বিভিন্ন অংশে জমে থাকা পলি অপসারণ করে নির্ধারিত গভীরতা পুনঃপ্রতিষ্ঠা ও বজায় রাখার কাজ করছে।
সংশ্লিষ্টরা বলছেন, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর দেশের সামুদ্রিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। চ্যানেলের প্রয়োজনীয় নাব্যতা বজায় থাকলে বড় আকারের বাণিজ্যিক জাহাজ, কয়লাবাহী জাহাজ এবং ভবিষ্যতে এলএনজি ক্যারিয়ারগুলো নিরাপদে চলাচল করতে পারবে। এর ফলে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং বৈদেশিক বাণিজ্য কার্যক্রম আরও গতিশীল হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চ্যানেলের নাব্যতা রক্ষায় প্রয়োজনীয় সব কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে দেশের বন্দর ব্যবস্থার দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে বন্দর কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়েছে।












