চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নিয়েছে ৫টি ‘মহাবিপন্ন’ পাহাড়ি হলুদ কাছিম। এর ফলে এ চিড়িয়াখানায় হলুদ কাছিমের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬টিতে। উন্নত ও বৃহত্তর আবাসস্থল, পরিবেশগত সমৃদ্ধকরণ এবং আধুনিক পরিচর্যা ব্যবস্থা চালুর পর এখানে কাছিমগুলোর প্রজনন সফলভাবে বৃদ্ধি পায় বলে জানিয়েছেন চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ।
জানা গেছে, গত ৬ জুন ডিম ফুটে সফলভাবে জন্ম নেয় পাঁচটি হলুদ কাছিমের বাচ্চা। অবশ্য এ বছর সাতটা কাছিম ডিম দিয়েছিল। তার মধ্যে দুটি ডিম ফুটেনি। প্রতিবারই ডিম ফুটে বাচ্চা হতে ১২০ দিনের মত সময় লাগে। এর আগে ২০২৩ সালে জন্ম নিয়েছিল চারটি হলুদ কাছিম, যার মধ্যে একটি মারা যায়। সব মিলিয়ে বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় আটটি পূর্ণবয়স্ক, তিন বছরের তিনটি এবং ১০ দিন বয়সের পাঁচটি ছানা রয়েছে। ২০২৩ সালে জন্ম নেওয়া কাছিম ছানাগুলো চিড়িয়াখানা সংলগ্ন পাহাড়ে ‘সফট রিলিজ’ করার পরিকল্পনা আছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের। এক্ষেত্রে চলতি বছরের শেষে পাহাড়ে বেষ্টনী দেওয়া এলাকার মধ্যে কাছিমের পিঠে ট্রান্সমিটার বেঁধে ছাড়া হবে। যাতে কাছিমগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করা যায়। যদি কাছিমগুলো প্রাকৃতিক পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে তখন পরবর্তীতে বনবিভাগের সহযোগিতায় বিভিন্ন পাহাড়ে ছাড়া হবে। পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পাহাড়ি এলাকায় বাস করা হলুদ কাছিম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত মহাবিপন্ন প্রজাতির। ফলে সংখ্যা বাড়াতে চট্টগ্রাম চিড়িয়াখানা জন্ম নেয়া কাছিমগুলোকে প্রাকৃতিক পরিবেশেও ছাড়ার পরিকল্পনা করছে চিড়িয়াখান কর্তৃপক্ষ।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ বলেন, মহাবিপন্ন প্রজাতির আটটি হলুদ পাহাড়ি কাছিম ছিল চিড়িয়াখানায়। ২০২২ সালে সেগুলোর প্রজনন বাড়ানোর উদ্যোগ নিই। এর অংশ হিসেবে বয়স্ক আটটি কাছিম ৪ দশমিক ৭৯ বর্গমিটারের খাঁচা থেকে সরিয়ে পরিবেশ সমৃদ্ধ ৩৩ দশমিক ৭৯ বর্গমিটারের খাঁচায় স্থানান্তর করি। ২০২৩ সালে সেখানে বয়ষ্ক কাছিমগুলো ছয়টি ডিম দেয়। এর মধ্যে চারটি ডিম ফুটে বাচ্চা হয়। তবে একমাস পর একটি মারা যায়।
শুভ বলেন, প্রথমবার সফলতা পাওয়ার পর ২০২৪ সালে খাঁচায় সংস্কার কাজ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ফলে ওই বছর কোনো ডিম দেয়নি কাছিমগুলো। ২০২৫ সালে একটি ডিম দিয়েছিল এবং বাচ্চাও হয়েছিল, কিন্তু সেটি কিছুদিন পর মারা যায়।












