ইয়াবা থাকে গুপ্ত। নানা কৌশলে পাচার করা হয়। এবার প্রকাশ্যে মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। আর লোকজন কুড়িয়ে নিচ্ছিল সেই ইয়াবা। তবে তা আস্ত ছিল না। চাকার চাপে প্রায় গুঁড়ো হয়ে গিয়েছিল। কিছু যাত্রী, কিছু পথচলা মানুষ এ দৃশ্য দেখে মন্তব্য করলেন, এমন অদ্ভুত দৃশ্য কখনো দেখিনি।
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় গতকাল শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে দেখা গেছে এ দৃশ্য। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মহাসড়ক থেকে কিছু ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পৌরসদরের নুনাছড়া এলাকায় চট্টগ্রামমুখী লেনের একটি অজ্ঞাত বাস থেকে মহাসড়কে ইয়াবা ছিটকে পড়ে। মুহূর্তের মধ্যে ইয়াবাগুলো সড়কে বিভিন্ন স্পটে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। উৎসুক জনতা তা দেখতে মহাসড়কের পাশে ভিড় জমায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসার আগে বিভিন্ন যানবাহনের চাকায় পিষ্ট ইয়াবা ট্যাবলেটগুলো প্রায় গুঁড়ো হয়ে গেছে।
ঘটনাস্থলে আসা সীতাকুণ্ড মডেল থানার এসআই অনিক ভক্ত বলেন, মহাসড়কের নুনাছড়া এলাকায় কখন ইয়াবা ট্যাবলেট পড়েছে জানতে পারিনি। তবে দুপুর পৌনে ২টার সময় এখানে এসে জানতে পারি, চট্টগ্রামমুখী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস থেকে কোনো ইয়াবা কারবারি ইয়াবাগুলো সড়কে ছুড়ে ফেলে দিয়েছে। তারা হয়তো তথ্য পেয়েছে, সামনে অথবা পেছনে পুলিশ রয়েছে। সেই ভয়ে সড়কে ইয়াবা ফেলে দিয়েছে।
তিনি বলেন, সবগুলো ইয়াবা সড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে পাউডার হয়ে গেছে। তবে আমরা ২০০ পিস ইয়াবা ও ১৬০ গ্রাম পাউডার মহাসড়ক থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।












