চট্টগ্রামের অন্যতম জনবহুল এলাকা বহদ্দারহাট। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ বসবাস ও চলাচল করেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, বর্তমানে এই এলাকায় মশার উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা নামার পর থেকেই মশার অত্যাচারে সাধারণ মানুষের ঘরে–বাইরে অবস্থান করা কষ্টকর হয়ে পড়ছে। শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
বিশেষ করে নর্দমা, জলাবদ্ধ স্থান, খাল এবং বিভিন্ন স্থানে জমে থাকা ময়লার স্তুপ নিয়মিত পরিষ্কার ও স্প্রে না করায় মশার বংশবিস্তার দিন দিন বেড়েই চলেছে।
বর্তমানে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি বিবেচনায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সময়মতো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়তে পারে। তাই শুধু মাঝে মধ্যে স্প্রে করলেই হবে না, বরং নিয়মিত ও পরিকল্পিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।
সৈয়দ শাহজাহান সিরাজ
বহদ্দারহাট, চান্দগাঁও, চট্টগ্রাম।











