আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা ও সৌন্দর্যবর্ধন কর্মসূচি গতকাল শুক্রবার সকালে উদ্বোধন করা হয়েছে। আগ্রাবাদ রেসিডেন্সিয়াল এরিয়া সোসিও–কালচারাল সোসাইটি ও আরাসকার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সোসাইটির সভাপতি আব্দুল মান্নান মজুমদার।
কর্মসূচির আওতায় আবাসিক এলাকার বিভিন্ন স্থানে মশক নিধন, বর্জ্য ও আবর্জনা অপসারণ এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে এলাকার সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে প্রস্তাবিত গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আলোচনায় বক্তারা আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সুযোগ–সুবিধা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও আগ্রাবাদ রেসিডেন্সিয়াল এরিয়া সো সিও কালচারাল সোসাইটি–আরাসকার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এলাকার নাগরিক সেবা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন এলাকার পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য রক্ষায় নাগরিক সচেতনতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। সোসাইটির সভাপতি আব্দুল মান্নান মজুমদার বলেন, একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও নান্দনিক আবাসিক এলাকা গড়ে তুলতে সরকারি সংস্থার পাশাপাশি এলাকাবাসী ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত ভূমিকা অপরিহার্য।
তিনি এলাকার চলমান ও ভবিষ্যৎ জনকল্যাণমূলক কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












