রাফি স্মৃতি মহানগর অনূর্ধ্ব–১৮ জুনিয়র ক্রিকেট লিগে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি এবং ব্রাদার্স ক্রিকেট একাডেমি জয় পেয়েছে। গতকাল শনিবার দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত খেলায় জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি ৩৭ রানে নিও ক্রিকেট একাডেমিকে এবং ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৩০ রানে বেসিক ক্রিকেট একাডেমিকে পরাজিত করেছে। দিনের প্রথম খেলায় টস জয়ী জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি আগে ব্যাট করে ১৯ ওভারে ১০৩ রানে অলআউট হয়। জবাবে নিও ক্রিকেট একাডেমি ১৭.১ ওভারে মাত্র ৬৬ রানে সবকটি উইকেট হারায়। জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমির হয়ে সৈয়দ বোরহান ২৭, মোহাম্মদ গাজী ১৯ ও অর্জুন চৌধুরী ১১ রান করেন। ইনিংসে অতিরিক্ত খাতে সর্বোচ্চ ২৬ রান যোগ হয়, যার মধ্যে ২২টি ওয়াইড ও ১টি নো বল ছিল। নিও ক্রিকেট একাডেমির মোহাম্মদ মাইনুর ১৭ রানে ৪টি ও মোহাম্মদ নঈমুল ২২ রানে ৩ উইকেট দখল করেন। নিও ক্রিকেট একাডেমির মাসুদ মিয়ার ১১ ও আরবাজ খানের ১০ রান ছাড়া বাকিদের কেউই দু–অংকের রান করতে পারেননি। জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমির মোহাম্মদ ইতমাম ১১ রানে ৩টি এবং মোহাম্মদ সোহাম ৬, মোহাম্মদ আশরাফুল ৯, ইমরান হোসেন ১২, মোহাম্মদ হাজী ১৩ ও তুষার শীল ১৩ রানে ১ টি করে উইকেট নেন। একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় টস জয়ী ব্রাদার্স ক্রিকেট একাডেমি ১৭.৫ ওভারে ৮৭ রানে সবকটি উইকেট হারায়। জবাবে বেসিক ক্রিকেট একাডেমি ১৬.৪ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট হয়। ব্রাদার্স ক্রিকেট একাডেমির হয়ে মোহাম্মদ মিফতাউল সর্বোচ্চ ৪১ রান করেন। দলের হয়ে আর কেউই দু–অংকের রান করতে ব্যর্থ হন। বেসিক ক্রিকেট একাডেমির আদিল ২৫ রানে ৩টি ও আদিব আহনাফ ১৩ রানে ২ উইকেট দখল করেন। এছাড়া রানা মিয়া, ইয়াসিন আলী ও মোহাম্মদ জিহাদ ১ টি করে উইকেট নেন। বেসিক ক্রিকেট একাডেমির নুরুল মোস্তফা ১৬ রান করেন। বাকিদের কেউই দু–অংকের রান করতে পারেননি। ব্রাদার্স ক্রিকেট একাডেমির আসাদুল হক ২, মোহাম্মদ আব্দুল্লাহ ৬, ফারিভ হুমায়ুন ৮ ও মিফতাউল ১২ রানে ২টি করে উইকেট দখল করেন।












