নগরের রেয়াজুদ্দিন বাজারের এক ব্যবসায়ীকে কুপিয়ে ছয় লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানার তিনপুলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে। জাকির হোসেন নামে আহত ওই ব্যবসায়ীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ব্যবসায়িক বিরোধের জেরে জাকির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। একাধিক ব্যবসায়ী বলছেন, পলিথিন ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে জসীম উদ্দিন আরমান নামে অপর ব্যবসায়ীর সঙ্গে দ্বন্দ্বের জেরে এ হামলা ঘটতে পারে।
এদিকে জাকির হোসেনের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন রেয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীরা। হামলার প্রতিবাদে আজ সোমবার তিনপুলের মাথায় মানববন্ধন করবেন তারা। একইসঙ্গে রেয়াজুদ্দিন বাজারের সকল দোকানপাট অর্ধবেলা বন্ধ রাখা হবে। এছাড়া গতকাল রোববার সন্ধ্যায় রেয়াজুদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সঙ্গে দেখা করে এই ঘটনার বিচার চেয়েছেন। পরে পুলিশ কমিশনারের পরামর্শে সমিতির নেতারা রাত নয়টার দিকে মামলা করার জন্য কোতোয়ালী থানায় যান।
রেয়াজুদ্দিন বাজারের একাধিক ব্যবসায়ীর সঙ্গে আলাপকালে তারা আজাদীকে জানিয়েছেন, ওয়ান টাইম ক্রোকারিজের পণ্যের দোকান রয়েছে জাকির হোসেনের। বাজারে একই ব্যবসা করেন জসীম উদ্দিন আরমান নামে অপর এক ব্যবসায়ী। এছাড়া তারা পলিথিনের ব্যবসাও করেন বলে জানা গেছে।
নাম প্রকাশ না করা শর্তে এক ব্যবসায়ী বলেন, জসীম ও জাকিরসহ কয়েকজন যৌথ সিন্ডিকেটের মাধ্যমে ওয়ান টাইম ক্রোকারিজ ও পলিথিনের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। জসীম বাজারে পণ্যগুলো পাইকারী সরবরাহ করত। মাস দুয়েক আগে জসীমকে বাদ দিয়ে জাকিরসহ কয়েকজন মিলে আলাদাভাবে ব্যবসা শুরু করেন। এরপর দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর জের ধরে জসীমের লোকজন জাকিরের উপর হামলা করতে পারে বলে অভিযোগ উঠে। অভিযোগের বিষয়ে জসীমের বক্তব্য পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির সাংবাদিকদের বলেন, ব্যবসায়িক বিরোধের জেরে জাকির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। আহত ব্যবসায়ীর স্বজন ও ব্যবসায়ী নেতারা এ ঘটনায় জড়িত কয়েকজন ব্যবসায়ীর নাম পুলিশকে জানিয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
রেয়াজুদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম চৌধুরী বলেন, একজন ব্যবসায়ীর ওপর এমন হামলার ঘটনা ব্যবসায়ী সমাজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা এরই মধ্যে পুলিশ কমিশনার মহোদয়ের সঙ্গে দেখা করে অভিযুক্তদের বিষয়ে জানিয়েছি। পাশাপাশি সমিতির পক্ষ থেকে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।












