গ্রাহকদের সঞ্চয়ী ও মেয়াদি আমানতের টাকা আত্মসাতের দায়ে বোয়ালখালী উপজেলার সাবেক সাব–পোস্টমাস্টার এহসানুল হককে ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান খানের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি এহসানুল হক আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
দুদক পিপি রেজাউল করিম রনি দৈনিক আজাদীকে বলেন, এহসানুল হক গুরুতর অসুস্থ। তার হার্টে রিং লাগানো হয়েছে। এসব বিষয় বিবেচনায় আদালত তাকে কারাদণ্ড না দিয়ে অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। অর্থদণ্ড পরিশোধ করলে তিনি মুক্তি পাবেন। তিনি আরও জানান, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করেন। আদালত সূত্র জানায়, এহসানুল হক বোয়ালখালীর শাকপুরা ও চরদ্বীপ সাব–পোস্ট অফিসে সাব–পোস্টমাস্টার হিসেবে কর্মরত থাকাকালে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয়ী ও মেয়াদি আমানতের টাকা গ্রহণ করেন। পাসবইয়ে জমার এন্ট্রি দিলেও অফিসের মূল ক্যাশ বই ও জার্নাল বইয়ে তা অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ করেন। এর মধ্যে শাকপুরা সাব–পোস্ট অফিসে ৬ লাখ ৪২ হাজার টাকা এবং চরদ্বীপ সাব–পোস্ট অফিসে ৯ লাখ ৪১ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করেন।
বিভাগীয় তদন্তে মোট ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলে ২০১৬ সালের ১৪ জুলাই বোয়ালখালী থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হলে ২০১৭ সালের ৩০ মে আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।












