বাংলাদেশ–নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের আগে অবসরের ঘোষণা দেয়া পেসার রুবেল হোসেনকে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল সোমবার ম্যাচ শুরুর আগে সাবেক এই পেসারের সম্মানে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান।
বাংলাদেশ দল ফিল্ডিংয়ে নামার আগে গ্র্যান্ড স্ট্যান্ডের সামনে জড়ো হন দলের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। সেখানে রুবেলের হাতে তুলে দেওয়া হয় বিশেষ ক্রেস্ট এবং বাঁধাই করা তিন সংস্করণের তিনটি জার্সি, যেখানে তার ক্যারিয়ারের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি তামিম ইকবাল এবং অ্যাডহক কমিটির দুই সদস্য ফাহিম সিনহা ও রফিকুল ইসলাম বাবু। পরে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বাবা–মাকে স্মরণ করেন রুবেল।
এমন সম্মাননা পাওয়ায় বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি যখন সোশ্যাল মিডিয়াতে অবসরের সিদ্ধান্ত জানাই, বিসিবি সভাপতি তামিম ইকবাল ফোন করে বলেন, ‘রুবেল, তোকে আমরা সম্মানিত করতে চাই।’ বিষয়টি আমার কাছে খুবই গর্বের ও আনন্দের ছিল। এজন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তামিম ইকবালকে আন্তরিক ধন্যবাদ জানাই।’













