বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। গতকাল রোববার ১৮৪ সদস্যের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থাগুলো থেকে প্রতিনিধিত্ব করবেন ৬৬ জন কাউন্সিলর। এছাড়া ক্লাবগুলোকে নিয়ে গঠিত ক্যাটাগরি দুইয়ে ৭৬ জন এবং ক্যাটাগরি তিনে ৪২জন কাউন্সিলর রয়েছেন। কাউন্সিলর হিসেবে ওল্ড ডিওএইচএস ক্লাবের প্রতিনিধিত্ব করবেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি ও বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্যাটাগরি এক থেকে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব করবেন সাবেক জাতীয় ক্রিকেটার সহিদুর রহমান, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু। ক্যাটাগরি তিনে সংস্থা, প্রতিষ্ঠান বা সাবেক খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে থাকছেন নাফিস ইকবাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ মা্যধমিক শিক্ষা বোর্ড,চট্টগ্রাম প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে ১৯ মে। এছাড়া চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে ১৯ মে। মনোনয়নপত্র বিতরণ হবে ২০ ও ২১ মে। আর মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২১ ও ২২ মে। শুনানি ও প্রত্যাহার প্রক্রিয়া শেষে ২৫ মে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।













