আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের একটি এ্যাড–হক কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই কমিটির প্রধান দায়িত্ব ছিল ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা। সেই লক্ষ্যেই তৃতীয় বোর্ড সভায় আরও এক ধাপ এগিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড। সোমবার অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে এ্যাড–হক কমিটি। তবে কারা এই কমিশনে থাকবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন বিসিবি নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-এর একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত দুইজন সদস্য থাকবেন। কারা থাকবেন নির্বাচন কমিশনে এমন প্রশ্নে তামিম বলেন, ‘এখনো আমরা ঠিক করেনি করা থাকবেন। গঠনতন্ত্রে যেভাবে বলা আছে, সেভাবেই হবে নির্বাচন কমিশন।’ এছাড়া নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে শিগগিরই কাউন্সিলর মনোনয়ন আহ্বান করা হবে বলেও জানানো হয়েছে।
বিসিবি সংবিধানের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়নের জন্য নোটিশ জারি করা হবে। বিসিবি নির্বাচনে ক্যাটাগরি–১–এ আছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো, জেলা প্রশাসকেরা এই মনোনয়ন দেন। ক্যাটাগরি–২–এ আছে ঢাকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে খেলা ৭৬টি ক্লাব, সব কটি ক্লাব থেকে একজন করে কাউন্সিলর হন। আর ক্যাটাগরি–৩–এ আছেন সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা। বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট সংস্থার এ্যাডহক কমিটি গঠন করেছিল। সোমবারের বোর্ড সভাতে এই কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এদিকে, বোর্ড দুই বছরের জন্য কোকা–কোলা বাংলাদেশকে বিসিবির অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে অনুমোদন দিয়েছে।














