রাউজান : রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১৬ আগস্ট রাউজানে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করা হয়েছে। দিনের কর্মসূচিতে ছিল র্যালী , হালদার অংশিজনদের নিয়ে আলোচনা সভা। উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এর পক্ষ হতে ছাড়া হয় উপজেলা পরিষদ পুকুরে ১৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা। উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন ফাহিম। প্রধান অতিথি ছিলেন রাউজানের উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অং ছিং মারমা। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জয়তা বসু, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহফুজ আহমেদ সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে সফল মৎস্যজীবীদের অবদানের স্বীকৃতি হিসাবে দেয়া হয় সম্মাননা ক্রেস্ট। এছাড়াও এদিন ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সমপ্রসারণ প্রকল্পের অর্থায়নে ০৬ টি ইউনিয়নের ০৬ জন মৎস্যচাষীর মধ্যে গৃহস্থালী পুকুরে প্রদর্শনী স্থাপনের জন্য উপকরণ (মাছের পোনা, মৎস্য খাদ্য, চুন, সার ও বীজ ইত্যাদি) বিতরণ করা হয় এবং হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অর্থায়নে নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ০৮ টি ভ্যানগাড়ি বিতরণ করা হয়।
রাঙ্গুনিয়া : ‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপনের প্রথম দিনের কার্যক্রম গত রোববার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের করা হয়। শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা এবং সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী। দপ্তরের ক্ষেত্র সহকারী মো. ওবাইদুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, মৎস্য দলের সদস্য সচিব মো. সেলিম উদ্দিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, সফল মৎস্যচাষি নঈম উদ্দিন প্রমুখ।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান বলেন, মৎস্যজীবী, মৎস্য ক্রেতা–বিক্রেতা এবং সর্বোপরি মৎস্যচাষীদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখার জন্য উপজেলার ৩ জন সফল মৎস্যচাষিকে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। পুরস্কৃত চাষিরা হলেন পদুয়ার মো. নঈম উদ্দিন, ইসলামপুরের নুর মোহাম্মদ তালুকদার এবং পদুয়ার সুখবিলাস এলাকার মো. মুবিনুল হক চৌধুরী।












