বান্দরবানে মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির জেরে এক শ্রমিকের দায়ের কোপে আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. নাছির (২৪)। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকার একটি রাবার বাগানে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মো. নাছির কক্স–বাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত শ্রমিক মানিক (২৭) চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকায় আবছারের রাবার বাগানে আটজন শ্রমিক কাজ করতেন। তাদের মধ্যে নাছির ও মানিকও ছিলেন। মানিকের নিজের মোবাইল ফোন না থাকায় তিনি নাছিরের মোবাইল ফোনে নিজের সিম ব্যবহার করতেন। এ নিয়ে শুক্রবার দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে মানিক দা দিয়ে নাছিরকে কোপ দেন। এতে নাছিরের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর মানিক পালিয়ে যান।
বাগানের শ্রমিক মো. জাহিদুল ইসলাম বলেন, মানিকের নিজের মোবাইল ছিল না। নাছিরের মোবাইলে নিজের সিম ব্যবহার করতেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মানিক দা দিয়ে নাছিরকে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা বলেন, ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাটি দুর্গম নেটওয়ার্ক বিহীন।











