বান্দরবানে অস্ত্র-গুলিসহ কেএনএফ সদস্য আটক

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

বান্দরবানের থানচি উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পাহাড়ের সশস্ত্র সংগঠন কুচি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আটক জৌথান বম (৫৫) থানচি সদর ইউনিয়নের পদ্ধ মৌজার শেরপা পাড়া এলাকার লাল ফিয়ান বমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন থানচি থানার ওসি কানন সরকার।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, সমপ্রতি নিরাপত্তা বাহিনীর একটি দল কেএনএফ ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফমূল) যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় উভয়ের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। তারই সূত্র ধরে পালিয়ে যাওয়া সশস্ত্র সন্ত্রাসীদের ধরতে আশপাশের সম্ভাব্য এলাকাগুলোতে অভিযান অব্যাহত রাখে নিরাপত্তা বাহিনী। অভিযানে গত শুক্রবার বন্দুক ও কার্তুজসহ জৌথান বমকে শেরকর পাড়া থেকে আটক করে সেনাবাহিনী। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শনিবার পুলিশের কাছে হস্থান্তর করে সেনাবাহিনী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ওসি কানন সরকার জানান, আইনগত প্রক্রিয়া শেষে আটক অস্ত্রধারীকে আদালতে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনরওয়ের বিপক্ষে টানা ব্যর্থতা থেকেই প্রেরণা খুঁজছে ব্রাজিল