চারুতা সংগীত একাডেমির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে হৃদয়ে বাংলাদেশ শীর্ষক বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনব্যাপী চিত্রপ্রদর্শনী, সনদপত্র ও পুরস্কার বিগত ৯ মে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফজল আমিন শাওনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক ওমর কায়সার। অনুষ্ঠানের উদ্বোধন করছেন সিনিয়র আইনজীবী নাট্যজন, প্রযোজক, নাট্য ও পরিবেশকর্মী কাজী ছানোয়ার আহমেদ (লাভলু)। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মুহাম্মদ সৈয়দ আয়াজ মাবুদ, রামপুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আছেফুর রহমান ফারুকী নাট্যকর্মী মাসুদ মনসুর, লেখক দিদারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী এহতেশামুল হক। স্বাগত বক্তব্য রাখেন চারুতা সংগীত একাডেমির নির্বাহী পরিচালক শাহিন আকতার ডলি। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে চারুতার চারুকলা বিভাগের শতাধিক শিক্ষার্থীদের আঁকা ছবির বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীটি আজ ১০ মে সকলের জন্য উম্মুক্ত থাকবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, একাডেমির বিগত দুই দশকেরও বেশি সময়ের অবদানের কথা স্মরণ করেন এবং সাংস্কৃতিক শিক্ষার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। একাডেমির দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং নতুন প্রজন্মের মাঝে সুসাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরো বলেন, একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান যখন নিরবিছন্নভাবে ২৭ বছর পার করে, তখন সেটি কেবল একটি প্রতিষ্ঠান থাকে না বরং একটি আলোকবর্তিকায় পরিণত হয়। প্রেস বিজ্ঞপ্তি।













