চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির অভিযোগে পাওয়া নগদ অর্থসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।
বাকলিয়া থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে নতুন ফিশারীঘাট-সংলগ্ন ভেড়া মার্কেট এলাকার শিমুর কলোনিতে অভিযান চালানো হয়। এ সময় একটি কক্ষ থেকে মাসুমা ওরফে সীমা ওরফে শিমু (৪৬) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, তাঁর কাছ থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেট, ৫০ পুরিয়া গাঁজা (প্রায় ৩০০ গ্রাম) এবং মাদক বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বাকলিয়া থানার তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ওই নারীর বিরুদ্ধে এর আগে পাঁচটি মাদক মামলা রয়েছে।
ওসি জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।












