বাংলাদেশকে হোয়াইটওয়াশই বড়দিনের উপহার : স্যামি

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ক্যারিবীয় জনগণকে আগাম বড়দিনের উপহার দিতে চান ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। ঢাকায় সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের জয়ী হয়ে ১–০ ব্যবধানে লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবার সিলেট আজ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে জিতে ২–০ ব্যবধানে সিরিজ শেষ করতে চায় সফরকারীরা। দীর্ঘদিনের সফর শেষে দেশে ফেরার অপেক্ষায় থাকার কথা স্বীকার করে স্যামি বলেন সামনে বড়দিন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগও রয়েছে তাঁর। ২–০ ব্যবধানে সিরিজ জয়ের প্রসঙ্গ টেনে স্যামি বলেন, ‘অধিনায়ক ছেলেদের বলেছে, এটি আমাদের জন্য দারুণ একটি বড়দিনের উপহার হবে।’ বাংলাদেশের মাটিতে সিরিজ জয়কে বড় অর্জন হিসেবে দেখছেন স্যামি। কারণ, নিজেদের মাঠে বাংলাদেশ বেশ শক্তিশালী দল হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘এখানে এসে এমন কিছু করতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের জন্য এটি হবে অসাধারণ সমাপ্তি, দারুণ এক অর্জন।’ বাংলাদেশের বিপক্ষে স্পিন সামলাতে ওয়েস্ট ইন্ডিজের উন্নতির পেছনে ব্যাটিং কোচ ফ্লয়েড রেইফারের অধীনে দীর্ঘমেয়াদি প্রস্তুতকে কৃতিত্ব দিয়েছেন স্যামি। অতীতে স্পিনের বিপক্ষে ভুগলেও প্রথম টেস্টে ক্যারিবীয় ব্যাটাররা যথেষ্ট ধৈর্য ও আত্মবিশ্বাস দেখিয়েছেন। বিশেষ করে চতুর্থ ইনিংসে কঠিন ১৭০ রানের লক্ষ্য তাড়া করার সময় তাদের ব্যাটিং ছিল আত্মবিশ্বাসী। স্যামি বলেন, ‘বিশেষ করে দ্বিতীয় ইনিংসে কঠিন লক্ষ্য তাড়া করার সময় ছেলেরা যেভাবে খেলেছে, তা ছিল দারুণ।

আমরা চাই, তারা এই ধারাবাহিকতা ধরে রাখুক। যেকোনো ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্সই সাফল্য এনে দেয়।’ সিলেট টেস্টে পেস ও স্পিনের সমন্বয় নিয়ে স্যামি জানান, ভিন্ন ধরনের উইকেটের সঙ্গে মানিয়ে নিতে ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে ওয়েস্ট ইন্ডিজ। উইকেট পেসারদের সহায়ক হলে অভিজ্ঞ ফাস্ট বোলার কেমার রোচকে খেলানোর সুযোগ রয়েছে। অন্যদিকে, উইকেট স্পিন সহায়ক হলে তাদের হাতে যোগ্য বিকল্পও রয়েছে বলে জানান তিনি। একাদশ চূড়ান্ত করার জন্য সংবাদ সম্মেলনের পর এবং ম্যাচের দিন সকালে উইকেট পর্যবেক্ষণ করবেন বলে জানান স্যামি। প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া থাকবে বলেও স্বীকার করেন স্যামি। অভিজ্ঞ কোচ হিসেবে সিমন্স সফরকারীদের জন্য লড়াই সহজ করবেন না বলেও মনে করেন তিনি। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুতি ও আত্মবিশ্বাসের ওপর আস্থা রয়েছে স্যামির।

পূর্ববর্তী নিবন্ধবিগব্যাশে মোস্তাফিজকে নিয়ে এমসিজিতে বিশেষ আয়োজন
পরবর্তী নিবন্ধভুটানের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ