নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও পর্যালোচনায় স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঁচ সদস্যের এই কমিটির নেতৃত্বে থাকছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার অনিতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। এ ছাড়া একজন সাবেক ক্রিকেটারকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। তবে তার নাম এখনো প্রকাশ করা হয়নি। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন চন্দ্রা ব্যানার্জি। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। অভিযোগ গ্রহণ ও পর্যালোচনায় নিরপেক্ষতা নিশ্চিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। এ কারণে কমিটিতে বিসিবির সঙ্গে সরাসরি সম্পৃক্ত কাউকে রাখা হয়নি। বোর্ডের ধারণা, এতে অভ্যন্তরীণ প্রভাব ও স্বার্থের সংঘাত এড়িয়ে নারী ক্রিকেটাররা কোনো ধরনের চাপ ছাড়াই অভিযোগ জানাতে পারবেন। নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এসব ঘটনার পর নারী ক্রিকেটারদের সুরক্ষায় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবি। ২০০৯ সালে হাইকোর্ট বিভাগের দেওয়া নির্দেশনার আলোকে যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য পৃথক কমিটি গঠনের কথাও জানিয়েছিল বোর্ড। নতুন এই কমিটি গঠনের মধ্য দিয়ে সেই উদ্যোগ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল বিসিবি।












