শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের চ্যালেঞ্জ কঠিনই হওয়ার কথা। তবে প্রতিপক্ষকে সহজভাবে নেওয়ার কোনো সুযোগ দেখছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বাংলাদেশের সামর্থ্য নিয়ে কথা বলতে গিয়ে সংবাদ সম্মেলনে কামিন্সের বার্তা, টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষকে সহজ ভাবার সুযোগ নেই। শান্তদের বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রস্তুতিই নিচ্ছে অস্ট্রেলিয়া। ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘আমার মনে হয় না, কখনোই সহজ কোনো টেস্ট ম্যাচ খেলেছি। তাই নিশ্চিতভাবেই তারা শক্তিশালী হবে। তাদের কয়েকজন খেলোয়াড়কে আমরা আগে খুব একটা দেখিনি। ফলে টেস্ট শুরুর আগে কিছুটা অজানাও থাকবে। তবে গত কয়েক বছরে তারা বেশ কিছু বড় জয় পেয়েছে এবং দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে।’
প্রথম টেস্ট সামনে রেখে অস্ট্রেলিয়ার মনোযোগ যে পুরোপুরি বাংলাদেশের বিপক্ষে সিরিজেই, সেটিও স্পষ্ট করেছেন কামিন্স। কামিন্স বলেন, ‘এখন শুধু খেলার পালা। আমরা খুব বেশি সামনে তাকাই না। দল হিসেবে আমরা বর্তমানের ওপর মনোযোগ রাখতে পারি এবং সামনে কী আছে, তা নিয়ে বেশি না ভেবে এক ম্যাচ থেকে আরেক ম্যাচে এগিয়ে যেতে পারি। তাই এখন আমাদের পুরো মনোযোগ বাংলাদেশ ও এই সিরিজে।’এদিকে বাংলাদেশের মতো দলকে নিয়মিত অস্ট্রেলিয়ার মতো দেশে খেলার সুযোগ পাওয়া উচিত কি না এমন প্রশ্নে কামিন্সও এমন সিরিজ আরও বেশি হওয়ার পক্ষে মত দিয়েছেন। কামিন্স বলেন, আইসিসির বিভিন্ন আসর ও বাংলাদেশে দুই দলের দেখা হলেও অস্ট্রেলিয়ার মাটিতে নিয়মিত খেলা হয়নি। তবে বছরের এই সময়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় এসে টেস্ট খেলছে, এটিকে দারুণ ব্যাপার হিসেবে দেখছেন তিনি। তাঁর ভাষায়, ‘আইসিসির ইভেন্টে এবং বাংলাদেশে আমরা কয়েকবার খেলেছি, কিন্তু এখানে এত বেশি খেলিনি। বছরের এই সময়ে অস্ট্রেলিয়ায় এসে খেলতে পারাটা দারুণ। আমি চাই, এমনটা আরও বেশি হোক।’ তাঁর মতে, প্রতিটি দেশের বিপক্ষেই আলাদা চ্যালেঞ্জ থাকে এবং ভিন্ন ধরনের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাওয়া টেস্ট ক্রিকেটের অন্যতম সৌন্দর্য। বাংলাদেশের বিপক্ষে আরও নিয়মিত খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন অজি অধিনায়ক।












