বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ দেখাবে না দেশের কোনো টিভি চ্যানেল

| বৃহস্পতিবার , ১৩ আগস্ট, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশঅস্ট্রেলিয়া সিরিজ দেশের কোনো টিভি চ্যানেল দেখাবে না। বাংলাদেশের সমর্থকদের জন্য এ খবর হতাশার হলেও এটিই সত্য দেশের টেলিভিশনের কোনো চ্যানেলেই দেখা যাবে না দুই টেস্টের এই সিরিজ। আজ ১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। এরপর হবে দ্বিতীয় ম্যাচ। প্রায় দুই দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সাদা পোশাকের ক্রিকেট স্বাভাবিকভাবেই এই সিরিজ ঘিরে আগ্রহের কমতি থাকার কথা নয়। কিন্তু দেশের দর্শকদের সেই আগ্রহ মেটাতে এবার টেলিভিশনের পর্দা পাশে থাকছে না। বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটের বেশির ভাগ ম্যাচ সমপ্রচার করে টিস্পোর্টস। তবে বাংলাদেশঅস্ট্রেলিয়া সিরিজের সমপ্রচার স্বত্ব পায়নি দেশের এই বেসরকারি টেলিভিশন চ্যানেল। এমনকি দেশের অন্য কোনো চ্যানেলও সমপ্রচার স্বত্ব পায়নি। সমর্থকদের তাই যেতে হবে ডিজিটাল মাধ্যমে। নির্দিষ্ট ফি দিয়ে ট্যাপম্যাড অ্যাপে দেখা যাবে দুই টেস্টের ম্যাচ। অন্য দেশগুলোর দর্শকদের অবশ্য বাংলাদেশের সমর্থকদের মতো এতটা ঝামেলায় পড়তে হবে না। শ্রীলঙ্কায় সিরিজটি দেখা যাবে স্টার স্পোর্টস, এসএলটি ও সুপ্রিম টিভিতে। পাকিস্তানে সমপ্রচার করবে টেন স্পোর্টস ও ট্যাপম্যাড। মালদ্বীপে স্টার স্পোর্টসে খেলা দেখার ব্যবস্থা থাকছে মেডিয়ানেটের সৌজন্যে। নেপাল ও ভুটান থেকেও এই সিরিজ দেখা যাবে স্টার স্পোর্টসে। ভারতে স্টার স্পোর্টসের পাশাপাশি ম্যাচ দেখার সুযোগ থাকছে জিও হটস্টারে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত আন্তর্জাতিক সমপ্রচারকদের তালিকা থেকেই এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে সহজভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া : কামিন্স