আসন্ন বাংলাদেশ সফরে তিনদিনের পরিবর্তে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সূচিতে পরিবর্তনের বিষয়টি গতকাল এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অনুরোধেই প্রস্তুতি ম্যাচ কমিয়ে দুই দিনে করা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ২২ ও ২৩ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। পরিবর্তিত সূচিতে ১৯ ও ২৪ অক্টোবর বিশ্রামে থাকবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। আগামী ১৮ অক্টোবর ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল। ২০ ও ২১ অক্টোবর অনুশীলন করবে ক্যারিবীয়রা। এরপর প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। প্রস্তুতি ম্যাচ শেষে ২৫, ২৬ এবং ২৭ অক্টোবর অনুশীলনে ঘাম ঝড়াবে সফরকারীরা। ২৮ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। মিরপুর টেস্ট শেষে দ্বিতীয় টেস্টের জন্য ২ নভেম্বর ঢাকা থেকে সিলেট যাবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ৫ নভেম্বর থেকে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপর টেস্ট সিরিজ শেষে ১০ নভেম্বর দেশের উদ্দেশে রওনা দেবে ওয়েস্ট ইন্ডিজ।











