জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। মিরপুর শের–ই–বাংলায় নিজেদের সবশেষ ম্যাচ খেলে স্বাগতিক শহরে ফিরে গেছেন রাজশাহী বিভাগের ক্রিকেটাররা। মঙ্গলবার ক্রিকেটাররা বিমানযোগে রাজশাহীতে পৌঁছেছেন। এর আগের দিনই ক্রিকেটারদের সরঞ্জামাদি নিয়ে একটি মিনি কাভার্ড ভ্যান রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। যেখানে ছিল ক্রিকেটারদের পাসপোর্ট, মোবাইলসহ গুরুত্বপূর্ণ সব জিনিস। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে কভার্ড ভ্যান থেকে চুরি হয় স্পিনিং অলরাউন্ডার এসএম মেহেরব হাসান, পেসার মোহর শেখ অন্তর, পেসার আলি মোহাম্মদ ওয়ালিদ ও টিম বয় আব্দুল কাদেরের মোট ৮টি লাগেজ। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশের কাছে অভিযোগ করেছেন ক্রিকেটাররা। এ ছাড়া বিসিবির সিকিউরিটি বিভাগও বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে, গতকাল কয়েকটি লাগেজ উদ্ধার করা গেছে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগের এক ক্রিকেটার। আশা করছেন বাকিগুলোও হয়তো পাওয়া যাবে।











