নগরীর দক্ষিণ খুলশীর সিপিডিএল রহিম প্লাজার ফুড কোর্টে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মালয়েশিয়ার জনপ্রিয় হালাল লাইফস্টাইল টি ব্র্যান্ড টিলাইভ। গতকাল সন্ধ্যায় নতুন এই আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামে নিযুক্ত মালয়েশিয়ার অনারারি কনসাল মোহাম্মদ আখতার পারভেজ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সানশাইন গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, বারকোড গ্রুপের স্বত্বাধিকারী মঞ্জুরুল হক, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের সভাপতি জুনায়েদ আহমেদ রাহাত, বাংলাদেশ–মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এ বকর। এছাড়া আরো উপস্থিত ছিলেন টিলাইভ বাংলাদেশের পরিচালনাকারী প্রতিষ্ঠান এঅ্যান্ডআই ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক আশমিতা ইরাদ আলী এবং টিলাইভ মালয়েশিয়ার সদর দপ্তরের প্রতিনিধি খায়রুল আনোয়ার।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা এবং দেশের খাদ্য ও পানীয় খাতে আন্তর্জাতিক ব্র্যান্ডের সমপ্রসারণের গুরুত্ব তুলে ধরেন। মালয়েশিয়ায় যাত্রা শুরু করা টিলাইভ বর্তমানে বিশ্বের ১২টি দেশে ৯৫০টিরও বেশি আউটলেটের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করছে। উদ্ভাবনী পানীয়, বৈচিত্র্যময় স্বাদ এবং আধুনিক পরিবেশনার মাধ্যমে ব্র্যান্ডটি আন্তর্জাতিক বুবল টি শিল্পে পরিচিতি অর্জন করেছে। বাংলাদেশে টিলাইভের কার্যক্রম সমপ্রসারণের অংশ হিসেবে ঢাকায় প্রথম আউটলেটগুলো চালুর পর এবার চট্টগ্রামে নতুন আউটলেট উদ্বোধন করা হলো। এর মাধ্যমে বাংলাদেশে টিলাইভের আউটলেট সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে। এই সমপ্রসারণ দেশের গ্রাহকদের কাছে মালয়েশিয়ার বিশেষায়িত ত চা–সংস্কৃতি ও আন্তর্জাতিক মানের পানীয়ের অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠানে এঅ্যান্ডআই ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক আশমিতা ইরাদ আলী বলেন, চট্টগ্রামে টিলাইভের যাত্রা শুরু বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটির সমপ্রসারণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। চট্টগ্রামের প্রাণবন্ত ব্যবসায়িক পরিবেশ ও বৈচিত্র্যময় ভোক্তা সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে আমরা গ্রাহকদের নতুন স্বাদের পানীয় এবং মানসম্মত সেবা দিতে প্রত্যাশী।
চট্টগ্রামে নিযুক্ত মালয়েশিয়ার অনারারি কনসাল মোহাম্মদ আখতার পারভেজ তার বক্তব্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য এবং বিনিয়োগ সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। চট্টগ্রামে একটি মালয়েশিয়ান ব্র্যান্ডের সমপ্রসারণ দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
বিশেষ অতিথি সাফিয়া গাজী রহমান এবং মঞ্জুরুল হক তাঁদের বক্তব্যে আন্তর্জাতিক ব্র্যান্ডের সমপ্রসারণ, উদ্যোক্তা উন্নয়ন এবং চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনার গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া টিলাইভ মালয়েশিয়ার প্রতিনিধি খায়রুল আনোয়ার ব্র্যান্ডটির আন্তর্জাতিক অগ্রযাত্রা এবং বাংলাদেশের বাজারে এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন।












