বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মো. মুজিবুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মুজিবুর রহমানকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা গাঁজার কয়েকটি পুরিয়া উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













