বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা প্রদান ও ত্রাণসামগ্রী বিতরণ

| রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

কক্সবাজারে সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ৫ হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার পেকুয়া উপজেলার ৭ নম্বর শিলখালী ইউনিয়নের ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ। সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নে পরিচালিত এ মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে আইএসডিই বাংলাদেশ। আয়োজকদের ভাষ্য, সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের ও অসহায় পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পর্যায়ক্রমে এ সহায়তা দেওয়া হচ্ছে।প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ৩ কেজি চিনি এবং ১ কেজি লবণ সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ খাদ্য প্যাকেজ দেওয়া হয়। আয়োজকদের মতে, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক খাদ্যসংকট মোকাবিলায় এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিলখালী ইউনিয়নে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীন, রেজাউল করিম, জাহেদুল করিম। আইএসডিই বাংলাদেশের পক্ষে মো. জাহাঙ্গীর আলম, জালাল উদ্দীন, সুপম বড়ুয়া, মোস্তাক আহমদ, তাজ উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে শিলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দীন বলেন, সামপ্রতিক বন্যায় অনেক পরিবার ঘরবাড়ি সহায় সম্বল হারিয়ে চরম আর্থিক ও খাদ্যসংকটে পড়েছে। এ ধরনের মানবিক সহায়তা তাদের দুর্ভোগ কমাতে কার্যকর ভূমিকা রাখছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর অংশগ্রহণ দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ।আইএসডিই বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার ৫ হাজার পরিবারের কাছে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের নির্বাচন করে সহায়তা বিতরণ করা হচ্ছে। এর আগে কঙবাজারের হোস্ট কমিউনিটির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, বন্যাকবলিত এলাকা এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসহ ৫৬ হাজার ৫০০ সুবিধাভোগীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তাদের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় আইএসডিই বাংলাদেশ।

বরমা আবদুর রহীম ফাউন্ডেশন : চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত, দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন পশ্চিম চরবরমা আবদুর রহীম ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়রাম্যান ওবাইদুল হক রোকন চৌধুরী নিজস্ব তহবিল থেকে ২২২৩ জুলাই ২দিনব্যাপী চরবরমা, বরমা, বাতাজুরী, মাইগাতা, সেবন্দী, বাইনজুরী, আড়ালিয়া, রাউলিবাগ, ধামাইরকুলসহ পুরো বরমা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠান সমন্বয় করেন ফাউন্ডেশনের চেয়রাম্যানের ওবাইদুল হক রোকন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম এ হাশেম রাজু। বিশেষ অতিথি ছিলেন সিরাজুল ইসলাম সওদাগর, আবদুর রউফ, মোরশেদুল আলম, মুন্সি মিয়া, কামাল উদ্দীন তালুকদার, সেলিম উদ্দিন, ইউপি মেম্বার আনিসুর রহমান চৌধুরী, মোহাম্মদ খোকন চৌধুরী, মোজাম্মেল খান, আবদুর রহমান, সৈয়দ শিবলী সাদেক কফিল প্রমুখ। ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের ৬ নম্বর ওয়ার্ডে সড়ক সলিংয়ের কাজ শুরু ৩০ বছরের দুর্ভোগের অবসান
পরবর্তী নিবন্ধচন্দনাইশে মেয়র ডা. শাহাদাতের অর্থায়নে বন্যার্ত ১ হাজার ৭শ পরিবারে ত্রাণ বিতরণ