রাউজানের ৬ নম্বর ওয়ার্ডে সড়ক সলিংয়ের কাজ শুরু ৩০ বছরের দুর্ভোগের অবসান

| রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাজী সাহেব মিয়া বাড়ি এলাকার কাঁচা সড়কটি অবশেষে সলিং করা হয়েছে। রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমনের ব্যক্তিগত অর্থায়নে ৩০০ ফুট দৈর্ঘ্যের এই সড়কটির নির্মাণকাজ শুরু হয়েছে।

স্থানীয়রা জানায়, রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাজী সাহেব মিয়া বাড়ির এই কাঁচা সড়কটিতে দীর্ঘদিন ধরে কোনো গাড়ি চলাচল করতে পারত না, এমনকি বর্ষা মৌসুমে পায়ে হেঁটে চলাই দায় হয়ে পড়েছিল। ফলে চরম দুর্ভোগ পোহাতে হতো ওই এলাকার বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রান্তিক কৃষক এবং বহু পরিবারের হাজার হাজার মানুষকে। এমন পরিস্থিতিতে এলাকার দুর্ভোগ লাঘবে স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় সড়কটি সংস্কার ও সলিংয়ের উদ্যোগ নেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলী সুমন। নিজস্ব অর্থায়নে সড়কটির কাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের যাতায়াত সমস্যার স্থায়ী সমাধান হলো। সড়কটির সলিং নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ কমিটির অর্থ সম্পাদক আবুল মনছুর, সমাজ সেবক আলমগীর হোসেন, উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, হাফেজ মাওলানা নুর মোহাম্মদ, ইসহাক মিয়া, মো. জাহেদ, মমতাজ, আসিফ, ইয়াছিন উদ্দিন মাসুদ, রিপন, ইয়াকুব উদ্দিন আরিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল, ২ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়া
পরবর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা প্রদান ও ত্রাণসামগ্রী বিতরণ