ফেলে যাওয়া কারের সিলিন্ডারে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা

মহাসড়কে ‘শ্বাসরুদ্ধকর’ অভিযান

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে বিপুল পরিমাণ ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। সীতাকুণ্ড থানা পুলিশের একটি দল ঢাকাচট্টগ্রাম মহাসড়কে ‘শ্বাসরুদ্ধকর’ এক অভিযান চালায়। এ সময় ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে।

সোমবার রাত অনুমানিক ১০টার দিকে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কক্সবাজার থেকে একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান নিয়ে ঢাকাচট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নেতৃত্বে সীতাকুণ্ড থানার একটি টিম ঢাকাচট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। পরে ওই রাত অনুমানিক দেড়টার দিকে সীতাকুণ্ড মডেল থানাধীন বড় দারোগারহাট হাক্কানী ফিলিং স্টেশন এলাকায় কারটিকে থামার জন্য সংকেত দেয়। সিগন্যাল অমান্য করে কারটি দ্রুতগতিতে ঢাকার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ উক্ত মাদকবাহী কারের পিছু নিলে কোনো উপায় না দেখে কারের চালক ইউটার্ন নিয়ে উল্টো পথে চট্টগ্রামের দিকে পালাতে থাকে। অভিযানের মুখে টিকতে না পেরে বড় দারোগারহাট মহাসড়কের পাশে কারটি থামিয়ে চালকসহ গাড়িতে থাকা আরো কয়েকজন পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানায় নিয়ে আসে। মঙ্গলবার সীতাকুণ্ড মডেল থানা চত্বরে উক্ত প্রাইভেটকারটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়ির পেছনের সিটের পেছনে সুকৌশলে ফিট করা একটি কালো রঙের গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। রাতে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. রাসেল আহমেদের উপস্থিতিতে উক্ত সিলিন্ডারটি কেটে তার ভেতর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা এক লক্ষ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের জানান, মাদক কারবারি ও অপরাধীরা যত বড় কৌশলই অবলম্বন করুক না কেন, পুলিশকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই অভিযান তারই একটি প্রমাণ। পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসি ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেস্টারের মতবিনিময়
পরবর্তী নিবন্ধইমামদের যথাযথ কাজে লাগাতে হবে : বিভাগীয় কমিশনার