ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিভাগীয় কার্যালয়ে গতকাল বুধবার ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোস্তফা মনসুর আলম খাঁন। চট্টগ্রাম বিভাগের আওতাধীন ১১টি জেলা থেকে আগত ৩ জন করে শ্রেষ্ঠ প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। তিনি বলেন, দেশের দুর্নীতি, অনাচার, যৌতুক, নারী নির্যাতনের বিরুদ্ধে মসজিদের ইমামদেরকে সোচ্চার হতে হবে। ইমামগণ সমাজের সর্বশ্রেণীর কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। তাদেরকে যথাযথ কাজে লাগালেই সমাজ থেকে যাবতীয় অপকর্ম দূর করা অনেকটা সহজ হবে। ইমামদের দেশপ্রেম নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসান। ফিল্ড সুপারভাইজার মো. শাহ পরানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপ–পরিচালক ফাহমিদা বেগম। উপস্থিত ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি চট্টগ্রামের উপ–পরিচালক মুহাম্মদ আনিসুজ্জামান।
সভাপতি মোস্তফা মনসুর আলম খাঁন বলেন, দেশের সর্বস্তরের আলেম–ওলামা ও মসজিদের ইমামদের নিরাপদ ঠিকানা ইসলামিক ফাউন্ডেশন। আলেমদের আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করার জন্য ইসলামিক ফাউন্ডেশন নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। শান্তি, কল্যাণ ও মানবতার ধর্ম ইসলামের নাম ব্যবহার করে সমাজে কেউ যেন নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং ইসলামের লেবাস ধারণ করে কেউ যেন পবিত্র এই ধর্মকে কলংকিত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার জন্য তিনি ইমামদের প্রতি অনুরোধ জানান।
উল্লেখ্য, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভাগীয় ৩ জন শ্রেষ্ঠ ইমাম বাছাই করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












