রাউজানে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর শোনার পর মনি দাশ গুপ্ত (১৮) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। মনি বাগোয়ান ইউনিয়নের গশ্চি শ্যামল মাস্টারের বাড়ির মৃদুল দাশ গুপ্তের মেয়ে ও গশ্চি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা ১১টার দিকে মনি তার মায়ের অনুপস্থিতিতে রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর তার এক ভাগনে এসে মনি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে বলে জানিয়ে যায়। এর কিছুক্ষণ পর মনি ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে তার মা ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার চিৎকারে প্রতিবেশীরা এসে মনিকে উদ্ধার করে দ্রুত নোয়াপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজনের ভাষ্য, মনি এর আগে দুইবার পরীক্ষায় অংশ নিয়েছিল এবং দুইবারই অকৃতকার্য হয়েছিল। তৃতীয়বার পরীক্ষায় অংশ নেওয়ার পর ফলাফল খারাপ হয়েছে, এমন খবর শোনার পরই সে আত্মহত্যা করেছে বলে তাদের ধারণা।












