ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের সিএমবি মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রীতি ফুটবল ম্যাচ ও খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার বিকালে মাঠ সংস্কার শেষে এই বিশেষ ম্যাচটির আয়োজন করা হয়। সমপ্রতি মাঠটিতে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য একটি অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে হেলিপ্যাডটি অপসারণের পর মাঠটি সাধারণ মানুষের খেলার অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় তরুণ ও ক্রীড়ামোদিদের চাহিদার কথা বিবেচনা করে বাংলাদেশ সেনাবাহিনী মাঠটিকে পুনরায় সংস্কার করে খেলার উপযোগী করে তোলে। মাঠ সংস্কারের আনন্দ উদযাপন করতে বুধবার বিকালে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচটি দেখতে মাঠে উৎসুক জনতার উপচে পড়া ভিড় ছিলো। খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে মেডেল, উন্নত মানের খেলার সামগ্রী এবং পরিবেশ সুরক্ষায় ফলজ ও বনজ গাছের চারা উপহার হিসেবে প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী। এই ব্যতিক্রমী উদ্যোগ ও উপহার পেয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন। সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর ক্যাপ্টেন ফেরদৌস।











