ফটিকছড়িতে কোনো ধরনের সন্ত্রাসী ও চাঁদাবাজি বরদাশত করা হবে না

আলোচনা সভায় এমপি সরোয়ার

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:৩২ পূর্বাহ্ণ

দলের অভ্যন্তরে লুকিয়ে থাকা চাঁদাবাজ, অনুপ্রবেশকারী ও অপরাধীদের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করে কঠোর অবস্থান ঘোষণা করেছেন চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। ফটিকছড়িতে কোনো ধরনের সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ড বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অপরাধের সাথে নিজের ভাই জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না। একই সাথে তিনি ইনসাফ ও ন্যায়বিচার ক্ষুণ্‌নকারীদের বিরুদ্ধেও তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন। গতকাল শনিবার বিকেলে ফটিকছড়ির বিবিরহাটে দলীয় কার্যালয়ে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই দলের ভেতরে অনুপ্রবেশকারী ও চাঁদাবাজদের অনতিবিলম্বে দল ছাড়ার নির্দেশ দিয়ে এমপি সরোয়ার আলমগীর বলেন, আমাদের দলের ভেতর কিছু চাঁদাবাজ ঢুকে গেছে। তাদের বলবো আপনারা বেরিয়ে যান। আল্লাহর ওয়াস্তে আপনারা দল থেকে বেরিয়ে যান। গুটিকয়েক বিএনপি, কৃষকদল, যুবদল বা ছাত্রদল বিএনপিতে না থাকলে দলের কিছুই হবে না।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী এবং নাজিম উদ্দীন শাহীন। এছাড়াও ফটিকছড়ি উপজেলা, পৌরসভা বিএনপি এবং বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধকাল আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে মিলাদুন্নবী (সা.) মাহফিল