ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলমকে গতকাল সংবর্ধনা প্রদান করেছে রাউজান উপজেলাবাসী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাউজান হচ্ছে শান্তি ও সমৃদ্ধির জনপদ। বহু উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মধ্যে এ অঞ্চলের বেকার সমস্যা সমাধানে বিসিক শিল্প এলাকা গড়ে তোলা হচ্ছে, ব্যবসা বাণিজ্য সমপ্রসারণে চুয়েট পর্যন্ত রেল লাইন সমপ্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। কাপ্তাই সড়ক পথ প্রসস্থ করার পরিকল্পনা নেয়া হয়েছে। প্রশিক্ষিত জনবল তৈরিতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক পথে দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দিতে নির্মাণ করা হয়েছে ট্রমা সেন্টার। তিনি বিসিক শিল্প এলাকা, রেল লাইন সমপ্রসারণ প্রকল্প কাজ দ্রুত বস্তবায়ন করা ও শিল্পোদ্যোক্তাদের আগ্রহী করে তুলতে সংবর্ধিত অতিথিকে বন্ধু মাহবুবুল আলমকে ভূমিকা রাখার আহ্বান জানান।
এর আগে সংবর্ধিত অতিথি তার বক্তব্যে বলেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সভাপতির পদ অর্জন আমি রাউজানবাসীর প্রতি উৎসর্গ করলাম। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি ফজলে করিম এমপিকে নিজের ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে বলেন, আমার বন্ধু রাউজান থেকে পঞ্চম বারের মত সংসদ সদস্য হলে আমার হাত আরো শক্তিশালী হবে।
রাউজানের উন্নয়ন, সমৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এই উপজেলা এখন শান্তির জনপদ, রাউজানের রাস্তাঘাট দিয়ে যাওয়া আসার সময় আমার মনে হয় যেন আমি উন্নত বিশ্বের রাস্তা দিয়ে যাচ্ছি, এসব অর্জন এমপি ফজলে করিম চৌধুরীর হাত ধরে হয়েছে।
কাপ্তাই সড়ক পাশ জুড়ে থাকা দক্ষিণ রাউজানকে শিল্প, কারখানা প্রতিষ্ঠার উপযোগী উল্লেখ করে মাহবুবুল আলম বলেন, সেখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার মত সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, শুধু সড়কটি বড় করতে হবে। বিসিক শিল্প নগর ও কাপ্তাই সড়ক পথ ও রেল লাইন সমপ্রসারণের জন্য নিজের অবস্থান থেকে কাজ করবেন বলে তিনি সকলকে আশ্বস্ত করেন। এফবিসিসিআই সভাপতি জনসাধারণের সার্বিক নিরাপত্তা বিধান ও আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কাজে ব্যবহার করতে একটি পিকআপ ভ্যান চিকদাইর ফাঁড়িকে প্রদান করবেন বলে জানান।
গতকাল সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই সংম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু।










