ভারতের রাজধানী দিল্লিকে দেখে মনে হবে শীতের কোনও সকাল, কুয়াশার চাদরে ঢাকা নগরী। কিন্তু আসলে তা নয়। দূষিত বায়ুর চাদরে ঢাকা পড়েছে রাস্তাঘাট। আগামী দিনগুলোতে বায়ুর মান আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গোটা বছর ধরেই দিল্লি ছিল বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর একটি। নগরীর বায়ু বিশেষত বিষাক্ত হয়েছে নানা কারণে। কৃষকদের ফসলের নাড়া পোড়ানো, বাতাসের শ্লথ গতি এবং উৎসবের সময়ে আতশবাজি পোড়ানোর কারণে বায়ুর মান খারাপ হয়েছে। খবর বিডিনিউজের। প্রতিবছরই দিল্লিতে বায়ু দূষণের কারণে মারাত্মক জনস্বাস্থ্য সংকট তৈরি হয়। সোমবার দিল্লির বাতাসে প্রতি ঘনমিটারে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর সূক্ষ্ম বস্তুকণা পিএম–২.৫–এর মাত্রা সরকারের হিসাব অনুযায়ী ছিল ৩০৬। এই মাত্রা ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকাকে অস্বাস্থ্যকর ধরা হয়। ৩০০’র ওপরে থাকাকে খুবই অস্বাস্থ্যকর ধরা হয়। ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তা মাঝারি ঝঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। আর ৫০০’র বেশি হলে তা মারাত্মক অস্বাস্থ্যকর ধরা হয়। ভারতের আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ভিকে সোনি বলেন, বাতাসের মান আগামী কয়েক দিনে খুবই অস্বাস্থ্যকর শ্রেনিতেই থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।













