প্রিমিয়ার ভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘আইডিয়া টু পাবলিকেশন ২.০’

| শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে একটি মানসম্মত গবেষণাপত্র প্রকাশনা পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থী ও তরুণ গবেষকদের বাস্তবভিত্তিক ধারণা দিতে আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট শাখার উদ্যোগে গতকাল প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘আইডিয়া টু পাবলিকেশন ২.০’ শীর্ষক গবেষণা বিষয়ক অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য শুধু তার শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল বা ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং গবেষণা, উদ্ভাবন ও নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার সক্ষমতার মধ্যেই প্রকৃত সাফল্য নিহিত। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতির দ্রুত বিকাশের ফলে গবেষণার গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই শিক্ষার্থীদের শুধু প্রচলিত পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুন প্রশ্ন করতে, সমস্যাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে এবং সেই সমস্যার বৈজ্ঞানিক সমাধান খুঁজতে উৎসাহিত করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। তিনি গবেষণা ও জ্ঞানচর্চায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বিকাশের গুরুত্ব তুলে ধরেন।

সভাপতিত্ব করেন আইইইই স্টুডেন্ট শাখার কাউন্সেলর মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না। তাঁর নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অভিজ্ঞ শিক্ষক ও গবেষকদের কাছ থেকে গবেষণা পরিচালনা ও গবেষণাপত্র প্রকাশনার বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।

অনুষ্ঠানে গবেষণার বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ও গবেষকেরা অংশগ্রহণ করেন।৪ টি পৃথক অধিবেশনে গবেষণার প্রশ্ন ও বিষয় নির্বাচন, গবেষণার পদ্ধতি নির্ধারণ, পূর্ববর্তী গবেষণা পর্যালোচনা, গবেষণার ঘাটতি চিহ্নিতকরণ এবং গবেষণার ফলাফল বিশ্লেষণ ও উপস্থাপনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রথম অধিবেশনে চুয়েট তড়িৎ ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ‘রিসার্চ মেথোডলজি’ শীর্ষক আলোচনায় অংশ নেন। তিনি একটি গবেষণার উপযুক্ত প্রশ্ন নির্ধারণ এবং সেই প্রশ্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গবেষণা পদ্ধতি নির্বাচন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তী অধিবেশনে চুয়েট অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী ‘কীভাবে ভালো লিটারেচার রিভিউ’ শীর্ষক আলোচনায় গবেষণার জন্য প্রাসঙ্গিক পূর্ববর্তী গবেষণা অনুসন্ধান, বিশ্লেষণ ও যথাযথভাবে পর্যালোচনা করার বিভিন্ন কৌশল তুলে ধরেন।

প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক ‘ কৌতূহল থেকে নতুন কিছু: গবেষণার ঘাটতি খুঁজে বের করা’ শীর্ষক অধিবেশনে একটি গবেষণায় নতুনত্ব ও সম্ভাব্য গবেষণার ক্ষেত্র চিহ্নিত করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। এছাড়া চবি জেনেটিক প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান ‘গবেষণার ফলাফল উন্মোচন’ শীর্ষক অধিবেশনে গবেষণার উপাত্ত বিশ্লেষণ, ফলাফল ব্যাখ্যা এবং গবেষণার ফলাফল থেকে নতুন জ্ঞান ও অন্তর্দৃষ্টি তুলে ধরার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে বিশুদ্ধ পানির মেশিন স্থাপন
পরবর্তী নিবন্ধআজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে