প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ওরিয়েন্টেশন

| বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইন ভবনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিএসসি ইন ইইই প্রোগ্রামের ৩৮তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত ১২ মে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার।

অধ্যাপক টুটন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল। ওরিয়েন্টেশন স্পিকার ছিলেন চুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমিত মজুমদার। প্রধান অতিথি বলেন, প্রিমিয়ার ভার্সিটির স্নাতক পর্যায়ের পাঁচটি একাডেমিক প্রোগ্রাম বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে অ্যাক্রেডিটেশন সনদ প্রাপ্ত হয়েছে। বিএসসি ইন ইইই প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলোর অন্যতম। অ্যাক্রেডিটেশন সনদ পাওয়ার পরে তোমরাই এই প্রোগ্রামের প্রথম ব্যাচ। যেহেতু প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্ত, সুতরাং তোমরা প্রোগ্রাম থেকে পাশ করে বেরিয়ে যাওয়ার পরে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন পেশাগত ক্ষেত্রে ব্যতিক্রমী সুযোগসুবিধা ও মর্যাদাপ্রাপ্ত হবে। তিনি উল্লেখ করেন, আরেকটা উল্লেখ্যযোগ্য বিষয় এই যে, বিভাগটির বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর টেকনিক্যাল এডুকেশনএর স্বীকৃতিও রয়েছে, যা বর্তমানে ওয়াশিংটন একর্ডএর অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত ডিগ্রি। তিনি বলেন, শুধুমাত্র একাডেমিক পড়াশোনার মাধ্যমে পূর্ণ মানুষ হওয়া যায় না, এ কারণে এই ইইই বিভাগে শিক্ষার্থীদের পূর্ণ ও মানবিক মানুষে পরিণত করার লক্ষ্যে কোকারিকুলার ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসের ব্যবস্থা রয়েছে। তিনি জীবনে সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করার জন্য পারিপার্শ্বিক শিক্ষা অর্জন ও বৈশ্বিক সমসাময়িক জ্ঞান সম্পর্কে ওয়াকিবহাল থাকার ওপরও গুরুত্বারোপ করেন।

কমপ্লেইন্ট কমিটির সদস্য তন্বী ধুম যৌন হয়রানি ও ইভটিজিং প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন। সহকারী প্রক্টর রাহুল চৌধুরী তাঁর বক্তব্যে স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট নিয়ে আলোকপাত করেন। ৩৮তম ব্যাচের অ্যাডভাইজার সৌমেন দত্ত নবীন শিক্ষার্থীদের শৃঙ্খলা অনুসরণ ও গভীরভাবে অধ্যয়নের আহ্বান জানান।

প্রভাষক রিজমা সামানজা নিলয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যালামনাই উচ্ছ্বাস দেবনাথ, ডেপুটি লাইব্রেরিয়ান মোহাম্মদ আলী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াকুব আলী, রোবটিঙ ক্লাবের সভাপতি শোভন দাশ দীপ্ত, আইইইই ব্রাঞ্চের সভাপতি ইফতেখার চৌধুরী, পিইউডিএসের প্রতিনিধি ফারদিন আলাদিন ও নবীন শিক্ষার্থী সাদেকুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিসিআইইউতে অ্যাক্রেডিটেশন ও কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিষয়ে প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধডিসির সাথে চট্টগ্রাম কিডনি রোগী কল্যাণ সংস্থার মতবিনিময়