চট্টগ্রাম কিডনি রোগী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার সাথে মতবিনিময় করেছেন। এ সময় সংস্থার ভবিষ্যৎ কার্যক্রমে জেলা প্রশাসকের সহায়তা কামনা করা হয়।
সংস্থার সভাপতি, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক এবং সিনিয়র সহসভাপতি এডভোকেট জিয়া হাবীব আহসানের নেতৃত্বে গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে যান নেতৃবৃন্দ এবং সংস্থার ভবিষ্যৎ কার্যক্রম আরো গতিশীল করতে জেলা প্রশাসনের সহায়তা কামনা করেন।
এ সময় জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা কিডনি রোগীদের ডায়ালাইসিস ও চিকিৎসা সংকট নিরসনে আজাদী পরিবারের পৃষ্ঠপোষকতায় কিডনি রোগী কল্যাণ সংস্থার মানবিক উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এ মানবিক কার্যক্রমে জেলা প্রশাসন সম্পৃক্ত থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। তিনি দেশে কিডনি রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে বলে উল্লেখ করে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি জনসচেতনতা সৃষ্টির উপরও গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকদের এগিয়ে আসাকে ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
সংস্থার সভাপতি ওয়াহিদ মালেক এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন এবং আন্তরিক সহযোগিতার আশ্বাস দেয়ায় জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি চট্টগ্রামের যে কোনো মানবিক এবং ভালো উদ্যোগে দৈনিক আজাদী জেলা প্রশাসনের সাথে থাকবে বলেও উল্লেখ করেন।
এ সময় দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, স্টাফ রিপোর্টার সরকার হাবীব, সংস্থার অর্থ সম্পাদক সাংবাদিক মো. হোসেন, প্রচার সম্পাদক মো. ওবায়দুল হক মণি, আজীবন সদস্য নজরুল হোসেন, কর্মকর্তা আব্দুল আলী এবং মানবাধিকার কর্মী এরশাদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।













