ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গত ৪ জুলাই কেন্দ্রের সেমিনার কক্ষে ২ সপ্তাহব্যাপী ‘ফ্রেশ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার্স ট্রেনিং প্রোগ্রাম’ শীর্ষক বুনিয়াদি প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। নবীন স্নাতক প্রকৌশলীদের কর্মজীবনে প্রবেশের পূর্বে পেশাদারিত্ব অর্জন ও কর্মক্ষেত্রের মৌলিক বিষয়ে প্রশিক্ষিত করে গড়ে তোলাই এই কর্মসূচির লক্ষ্য। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে ও সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। প্রশিক্ষণ কোর্সে কেন্দ্রের ভাইস–চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন ও ভাইস– চেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এছাড়াও কোর্স কো–অর্ডিনেটর ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. নুরুল আলম স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি বলেন, প্রকৌশল শুধু একটি পেশা নয়, জাতীয় উন্নয়নে মূল চালিকা শক্তি। টেকসই উন্নয়ন ও উন্নত জাতি গঠনে নবীন প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বাস্তব ভিত্তিক সকল সমস্যা সমাধানে নবীন প্রকৌশলীদের আহবান জানান। তিনি আরো বলেন, শিক্ষা জীবন শেষে চাকুরী না পেলে হতাশ না হয়ে আত্ম বিশ্বাসের সহিত নিজস্ব কর্মক্ষেত্র তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলে মত ব্যক্ত করেন। বক্তব্য রাখেন কুমিল্লা ব্রিটানিয়া ইউনিভার্সিটির উপাচার্য ও রিসোর্স পার্সন অধ্যাপক ড. সুরজিৎ সর্ববিদ্যা, কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. রাশেদ আলম, প্রকৌশলী মো. এমাদুল হক, ইআরসির ভাইস– চেয়ারম্যান প্রকৌশলী মো. আবুল হোসেন, প্রকৌশলী রাজীব নাথ, প্রকৌশলী ফখরুল ইসলাম পাটোয়ারী ও সিনিয়র প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, প্রকৌশলী আরিফুল ইসলাম, নবীন প্রকৌশলী মো. এনাম হোসেন, প্রকৌশলী ফারিয়া হোসেন চৌধুরী। প্রশিক্ষণ কোর্সে ২০টি বিষয়ের উপরে প্রকৌশলী ও রিসোর্স পার্সনগণ প্রশিক্ষণ প্রদান করবেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬৪জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। ২ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে আইইবি, চট্টগ্রাম কেন্দ্র হতে সনদ প্রদান এবং প্রশিক্ষণার্থীদের জন্য জব ফেয়ার আয়োজনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। ২ সপ্তাহব্যাপী ট্রেনিং প্রোগ্রাম তত্ত্বাবধান করবেন কোর্স কো–অর্ডিনেটর প্রকৌশলী মো. নুরুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।












