প্রথম দিনে বেশি এসেছে চাপিলা ও কাঁচকি, ঘাটে ফিরেছে ব্যস্ততা

কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

সাড়ে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে আবার মাছ শিকার শুরু হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১২টার পর থেকে দক্ষিণপূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ জলাধার কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু করেন জেলেরা। একই সঙ্গে খুলেছে স্থানীয় বরফকলগুলো। দীর্ঘ সময় পর কাজে ফিরেছেন জেলে, শ্রমিক ও কর্মচারীরা। এতে হ্রদকেন্দ্রিক জনপদে প্রাণচাঞ্চল্য ফিরেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদের মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও ভারসাম্য রক্ষায় প্রতিবছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। তবে চলতি বছর হ্রদের পানি দ্রুত কমে আসায় ২৫ এপ্রিল থেকে মাছ শিকার বন্ধ করা হয়। ১ আগস্ট থেকে মাছ শিকার শুরুর কথা থাকলেও এবার নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়। এতে এবার মোট ৩ মাস ১৫ দিন মাছ শিকার বন্ধ ছিল। নিষেধাজ্ঞার পুরো সময় কাপ্তাই হ্রদের সব এলাকায় মাছ আহরণ, সংরক্ষণ, শুকানো, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ ছিল। একই সঙ্গে বন্ধ ছিল স্থানীয় বরফকলগুলোও।

সাড়ে তিন মাস পর মাছ শিকার শুরু হওয়ায় খুশি ব্যবসায়ী, জেলে ও বিপণনকেন্দ্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। গতকাল মঙ্গলবার রাঙামাটির প্রধান বিপণনকেন্দ্র ছাড়াও জেলার কাপ্তাই, মারিশ্যা এবং খাগড়াছড়ির মহালছড়ি উপকেন্দ্রে জেলেদের নৌকা থেকে মাছ অবতরণ শুরু হয়েছে। পরে মাছের শুল্ক আদায় শেষে সেগুলো বাজারজাত করা হচ্ছে।

রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কবির হোসেন বলেন, তিন মাসের বেশি সময় পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হয়েছে। এতে আমরা আনন্দিত। প্রথম দিনে চাপিলা ও কাঁচকি মাছ বেশি এসেছে। তবে মাছের আকার ছোট। আরও কয়েক দিন গেলে সব মাছের আকার কেমন হয়েছে, তা বোঝা যাবে। কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম বলেন, মঙ্গলবার সকাল থেকে অবতরণ ঘাটে মাছ আসতে শুরু করেছে। সেখান থেকে মাছ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে। তবে মাছের আকার ছোট বিষয়টি নজরে এসেছে। তারা আরও ১৫ দিন পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ছিলেন। কিন্তু মৎস্য ব্যবসায়ীদের কারণে তা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধহাতি সংরক্ষণ প্রকল্পে বাঁশবাগান
পরবর্তী নিবন্ধসিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড