প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতাকে হারের কারণ বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১ জুলাই, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের কাছে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের জন্য প্রথম ইনিংসে ব্যাটারদের বাজে পারফরমেন্সকে দায়ী করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। ঐ ইনিংসের ব্যর্থতা আমাদের ম্যাচ হারের প্রধান কারণ।’ তিনি আরও বলেন, ‘ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই আমরা ভালো পারফরমেন্স করতে পারিনি। বিশেষ করে প্রথম ইনিংসে। কিন্তু আমরা ভালো ক্রিকেটই খেলছিলাম।’ গত কয়েক বছরে এই ফরম্যাটে দুর্দান্ত পারফরমেন্সের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ফেভারিট ছিল বাংলাদেশ। নিজেদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারার কারণেই হার বরণ করতে হয়েছে বলে মনে করেন শান্ত।

তিনি বলেন, ‘এখানকার কন্ডিশন ভিন্ন। তবে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি।’ এই টেস্টে নিজেদের সেরা বোলিং আক্রমণ ছাড়াই মাঠে নেমেছিল বাংলাদেশ। শান্ত জানান, মূল বোলারদের বিশ্রাম দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। তবে তিন ম্যাচের ওয়ানডে ও টিটোয়েন্টি সিরিজে ভালো পারফরমেন্স করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘এটি পরিকল্পনারই অংশ । সাদা বলের ক্রিকেটে আমরা দুর্দান্ত খেলছি। ওয়ানডে ও টিটোয়েন্টিতে ভালো করতে দলের সবাই আত্মবিশ্বাসী।’

পূর্ববর্তী নিবন্ধজার্মানিকে হারানোয় প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা
পরবর্তী নিবন্ধটিসিজেএ’র প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের জয়